‘আইনশৃঙ্খলা বাহিনীর এ ব্যর্থতা কল্পনাতীত’

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২২:১৪

ইত্তেফাক রিপোর্ট

ইসলামী আন্দোলন বাংলাদেশ-আইএবির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, জনসমর্থনহীন সরকারের ব্যর্থতায় দেশের সর্বত্র বিপর্যয় চলছে। কুমিল্লা ও পীরগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় যে সব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেগুলোর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত বিচার করতে হবে। ঘটনার সূত্রপাত থেকে পরবর্তী প্রত্যেকটি ঘটনায় প্রশাসনের ব্যর্থতার ছাপ স্পষ্ট। ৫০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের ব্যর্থতা কল্পনাতীত। গতকাল আইএবির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, জনপ্রশাসনে অতিমাত্রায় রাজনীতি প্রবেশের কারণে                  সামগ্রিকভাবে দেশের প্রশাসন ব্যবস্থায় এক ধরনের অদক্ষতা তৈরি হয়েছে। যার খেসারত এ সব    ঘটনা। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-  দলের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব আমিনুল ইসলাম প্রমুখ।