রূপগঞ্জে ‘ধর্ষণের’ পর শিশু হত্যা, আত্মীয় গ্রেফতার

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২২:১৪

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

রূপগঞ্জের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে গতকাল ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার দূর সম্পর্কের এক নানাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মোশারফ মিয়া। সে কাঞ্চন পৌরসভার কেন্দুয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। শিশুটির মা বাদী হয়ে মূল অভিযুক্তসহ চার/পাঁচ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, গত শুক্রবার সকালে অভিযুক্ত মোশারফ মিয়া শিশুটির বাড়িতে বেড়াতে আসে। কিছুক্ষণ পর বিস্কুট কিনে দেওয়ার কথা বলে তাকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় মোশারফ মিয়া। তারা বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশে খরব দেওয়া হয়।

এদিকে শিশুটিকে ধর্ষণের পর তার মরদেহ গুম করার উদ্দেশ্যে গতকাল সকালে পার্শ্ববর্তী গুতিয়াব এলাকায় ঘুরাঘুরির সময় এলাকাবাসী মোশারফকে আটক করে পুলিশে দেয়। পুলিশের জিজ্ঞাসাবাদে মোশারফের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পার্শ্ববর্তী সুরিয়াবো কবরস্থানের অদূরের কাঁশবন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে  ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ হোসেন বলেন, ন্যক্কারজনক এ ঘটনার প্রধান আসামি মোশারফ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে তার সহযোগীদের গ্রেফতারে পুলিশ তত্পর রয়েছে। মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো  হয়েছে।