সন্দেহ ভাইরাসে আক্রান্ত বিএনপি --------------কাদের

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২২:৪৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ‘কুমিল্লার ঘটনায় গ্রেফতারকৃত ইকবালের বিষয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যে অনুমান হয় যে, তার কাছে অধিকতর তথ্য রয়েছে। আপনিই (মির্জা ফখরুল) তথ্য-প্রমাণ দিয়ে বলুন, এ কয়দিন ইকবাল কোথায় ছিল।’

গতকাল শনিবার ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংয়ে এ কথা বলেন। কুমিল্লার পূজামণ্ডপে কোরআন শরিফ রাখা ইকবাল হোসেন গ্রেফতারের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রশ্ন তুলেছেন, ‘গ্রেফতার হওয়া যুবক এত দিন কোথায় ছিল?’ মির্জা ফখরুলের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের আরো বলেন, ইকবাল হোসেনের গ্রেফতারে যখন সবাই স্বস্তি প্রকাশ করছে, তখন বিএনপি মহাসচিব প্রশ্ন তুলেছেন, গ্রেফতার হওয়া যুবক এত দিন কোথায় ছিল। আসলে যে কোনো অর্জন বা সাফল্যকে বিতর্কিত করা বিএনপির স্বভাব। প্রতিটি বিষয়ে সন্দেহ করার বিরল প্রজাতির ভাইরাসে আক্রান্ত বিএনপি। অবস্থাদৃষ্টে জনমনে প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে যে, বিএনপির এই অতিপ্রতিক্রিয়া বা আগ বাড়িয়ে কথা বলা তাদের নিজেদের অপরাধ লুকোনোর কৌশল কি না।’

বিএনপির দ্বিচারিতা সম্পর্কে দেশের মানুষ ভালো করেই জানে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা চোরকে বলে চুরি কর, আর গৃহস্থকে বলে সজাগ থাক।’ বিএনপি হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সব সময় প্রতিপক্ষ ভেবে আসছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি এখন সরকারের ওপর দায় চাপাচ্ছে আর হিন্দু সম্প্রদায়ের জন্য মায়াকান্না করছে। বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘২০০১ সালে ক্ষমতায় এসে আপনাদের ভোট না দেওয়ার কথিত অপরাধে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্মম নির্যাতন চালিয়েছিলেন কেন, ঘরবাড়ি পুড়িয়েছিলেন কেন, সম্পদ লুট করেছিলেন আর নারীরা কেনই-বা নির্যাতনের শিকার হয়েছিল?’ ‘সরকারের মদত ছাড়া সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয় না’ মর্মে বিএনপির নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘তাহলে ২০০১ সালের সমস্যার দায় কি বিএনপি স্বীকার করে নিচ্ছে?’ বিএনপির নেতারা বিষয়টি স্পষ্ট করবেন বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।

‘মেয়র জাহাঙ্গীরের বিষয়ে সিদ্ধান্ত ১৯ নভেম্বর’

এদিকে ঘরোয়া আলোচনায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে আপত্তিকর প্রশ্ন তোলা গাজীপুর সিটি করপোরেশনের মেয়র (গাসিক) ও গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের ব্যাপারে দলীয় সিদ্ধান্ত জানা যাবে আগামী ১৯ নভেম্বর। ঐ দিন বিকাল ৪টায় গণভবনে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় মেয়র জাহাঙ্গীরসহ আরো কয়েক জনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।