সাম্প্রদায়িক হামলার মতো অপতত্পরতা মোকাবিলায় সরকার কঠোর :পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২২:৪৫

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী যে সামপ্রদায়িক হামলার মতো অপতত্পরতা চালাচ্ছে তা সরকার মোকাবিলা করতে কঠোর অবস্থানে রয়েছে। নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক অপতত্পরতা সফল হবে না।

গতকাল শনিবার সকালে সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সামপ্রদায়িক হামলার ইস্যুতে বাংলাদেশ সরকারের পদক্ষেপকে অত্যন্ত উত্তম বলে জানিয়েছেন ভারত। ভারতের অনেক স্থানে বাংলাদেশের ঘটনায় প্রতিবাদ হয়েছে। তবে তাদের অনেকেই বানোয়াট প্রচারণা করেছে। কিন্তু ভারত সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্মীয় সমপ্রীতিতে বাংলাদেশ পৃথিবীর মধ্যে শীর্ষে।

এদিকে শুক্রবার ধোপাদীঘির পাড়স্থ হাফিজ কমপ্লেক্সে সিলেট                 মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। সিলেটে প্রচুর উন্নয়ন হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের কাজ খুব দ্রুত শুরু করা হবে। বিমান বন্দর-বাদাঘাটের কাজও শুরু হবে। আরো নতুন একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছি। সদর হাসপাতালের কাজ চলমান এবং সদর হাসপাতালে একটি ক্যানসার ইউনিটও করা হবে।