কোটালীপাড়ায় মন্দিরের প্রতিমায় আগুন

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২২:৪৬

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মন্দিরের প্রতিমায় আগুনের ঘটনা ঘটেছে। মন্দির কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। অপরদিকে, ধুপকাঠি থেকে আগুনের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কাঠিগ্রামের কাঠিগ্রাম সর্বজনীন কালী ও দুর্গামন্দিরে এ আগুনের ঘটনা ঘটে।

গতকাল শনিবার ভোরে গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, ওসি আমিনুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এছাড়াও উপজেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মন্দির চত্বরে উপজেলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

মন্দির কমিটির সভাপতি রনদা প্রসাদ মজুমদার বলেন, শুক্রবার রাতে মন্দিরে গনেশ পাগলের সভা করি। রাত ১টায় আমরা সভা শেষ করে মন্দিরে তালা মেরে চলে যাই। ভোরে শিখা রানী বাড়ৈ নামে এক নারী মন্দিরে প্রণাম দিতে গিয়ে আগুন দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা এসে আগুন নিভিয়ে ফেলি। আমাদের ধারণা, দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। কোটালীপাড়া থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে মন্দিরের ধুপকাঠি থেকে এ আগুনের ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তদন্ত করে সঠিক ঘটনা উদ্ঘাটন করা হবে।