কুমিল্লায় মণ্ডপে হামলা প্রশাসনের ব্যর্থতা :ইনু

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২২:৪৬

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, কুমিল্লার পূজামণ্ডপে হামলার ঘটনায় প্রশাসনের ব্যর্থতা ছিল। এ হামলা পরিকল্পিত মনে হয়েছে। সুতরাং এটাকে হালকা করে দেখার কিছু নেই। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর এই ধরনের আক্রমণ আর যাতে না হয়, তার গ্যারান্টি দরকার। এ সহিংসতা শেখ হাসিনা সরকারের জন্য একটা বড় হুমকি। শেখ হাসিনার অসাম্প্রদায়িক সরকারকে যদি এগিয়ে যেতে হয়, তাহলে অসাম্প্রদায়িক প্রশাসন দরকার। গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ শান্তি পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে নগরীর ক্ষতিগ্রস্ত কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে কুমিল্লা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, ৩২ হাজার পূজামণ্ডপে নির্বিঘ্নে পূজা সম্পন্ন হলো। অথচ ৫০টি জায়গায় আক্রমণের শিকার হল কেন প্রশাসন আটকাতে পারল না কেন এই কেনটার তদন্ত করে দেখা উচিত।

এ সময় কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, শান্তি পরিষদের উপদেষ্টা সাংবাদিক আবেদ খান, বাংলাদেশ শান্তি পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন ।