লক্ষৌ থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব কর্মীদের
লক্ষৌয়ে রোড শো করে সক্রিয় রাজনীতির ময়দানে নেমে পড়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। এবার নজর সংগঠনে। মঙ্গলবার লক্ষৌয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ম্যারাথন বৈঠক করলেন প্রিয়াঙ্কা। বোঝার চেষ্টা করলেন দলের বর্তমান অবস্থা। আর দীর্ঘ বৈঠক শেষে সংবাদ মাধ্যমে বললেন, ‘‘নেতাদের মতামত নিচ্ছি। শিখছি, কীভাবে ভোটে লড়াই করতে হয়।’’ খবর আনন্দবাজার পত্রিকার
লোকসভা ভোটের আগে কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে প্রিয়াঙ্কা গান্ধী দায়িত্ব পেয়েছেন পূর্ব উত্তরপ্রদেশের। সোমবারই লক্ষৌ বিমানবন্দর থেকে কংগ্রেস কার্যালয় পর্যন্ত রোড শোয়ে কংগ্রেস কর্মীদের ব্যাপক উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সেটা ছিল আনুষ্ঠানিক অভিষেক। এবার বাস্তবের মাটিতে লড়াই। যে ‘কুরুক্ষেত্রে’ উল্টো শিবিরে রয়েছেন যোগী আদিত্যনাথের জাতপাতের রাজনীতি। রয়েছে অখিলেশ-মায়াবতীর মতো জোটবদ্ধ শক্তি। ৪৭ বছরের প্রিয়াঙ্কাও বুঝতে পারছেন, সেই ‘রণক্ষেত্র’ অনেক কঠিন। ওইদিন দুপুরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে তিনি যে বৈঠক করেন তা চলে মধ্যরাত পর্যন্ত। দলের নেতা-কর্মীরা জানান, অত্যন্ত খোলামেলা পরিবেশে বৈঠক হয়েছে। অনেকের সঙ্গে হালকা মেজাজে সেলফিও তুলেছেন তিনি। তার মধ্যেই অনেকে তাঁকে লক্ষৌ থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছেন।
