রোহিঙ্গাদের চুলের মুঠি ধরে ওপারে পাঠাতে হবে : বিজেপি নেতা শুভেন্দু

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২২:৫০

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, বেড়া ডিঙিয়ে আসা রোহিঙ্গাদের চুলের মুঠি ধরে ওপারে পাঠাতে হবে। একই সঙ্গে তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) দরকার। জন্ম নিয়ন্ত্রণটাও দরকার।

জিনিউজের বাংলা অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়েছে, বাংলাদেশে দুর্গাপূজার মণ্ডপ ভাঙচুর এবং সহিংসতার প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে গতকাল শনিবার একটি পদযাত্রার আয়োজন করা হয়। নন্দীগ্রামের হরিপুর থেকে টেঙ্গুয়া পর্যন্ত এই মহাপদযাত্রার আয়োজন করা হয়। সেই পদযাত্রাতেই অংশগ্রহণ করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি রোহিঙ্গাদের ওপারে পাঠানোর কথা বলেন। এর পাশাপাশি বাংলাদেশে সহিংস ঘটনার পরেও রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস কেন প্রতিবাদ করেনি সেই প্রশ্নেও সোচ্চার হন তিনি।

শুভেন্দু জানান, বাংলাদেশে সহিংস ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন। পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষকে একজোট হয়ে প্রতিবাদ করার আহ্বান জানান শুভেন্দু।