বাঘায় স্কুলছাত্রী অপহরণ মামলায় গ্রেপ্তার ১

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ১৯:২০

রাজশাহীর বাঘায় স্কুলছাত্রীকে অপহরণ মামলায় অপহরণকারীর মা নাজমা বেগমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

নাজমা বেগম উপজেলার দক্ষিণ মিলক বাঘা গ্রামের শাজাহান আলীর স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সোয়া ৯ টায় বাঘা মহিলা বাণিজ্যিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার (১৪) বার্ষিক পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে যাচ্ছিল। পথিমধ্যে দক্ষিণ মিলিক বাঘা গ্রামের শাজাহান আলীর ছেলে নাহিদ ইসলাম ওরফে নাইট (২৪) এবং তার বন্ধু একই গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে শাহিন আলম (২৩) ওই ছাত্রীকে জোরপূর্বক একটি সিএনজি যোগে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় শনিবার সুমাইয়ার বাবা হাসানুজ্জামান বাদী হয়ে গ্রেপ্তারকৃত নাজমা বেগমসহ ৩ জনকে আসামি করে নারী ও শিশু আইনের ৭/৩০ ধারায় বাঘা থানায় একটি অপহরণ মামলা (নং-১১) দায়ের করেন। অপহরণের ৩দিন অতিবাহিত হলে ওই ছাত্রী উদ্ধার না হওয়ায় শনিবার রাতে এ মামলার ২ নং আসামি নাহিদের মা নাজমা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। 

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়া পর থেকে এখন পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। অপহৃত স্কুল ছাত্রীসহ দুই যুবককে খুঁজে না পাওয়ায় ঘটনার ৩ দিন পর অপহরণকারীর মা ( মামলার ৩ নং আসামি) নাজমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ