মাদক মামলায় আমাকে ফাঁসানো হয়েছে :আরিয়ান

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ০০:০৫

বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান দাবি করেছেন, তাকে মাদক মামলায় ফাঁসানো হচ্ছে। বোম্বে হাইকোর্টে করা জামিন আবেদনে তিনি এ দাবি করেছেন।

এনডিটিভির এক খবরে বলা হয়েছে, মাদক মামলায় আটক আরিয়ান খান বর্তমানে কারাগারে রয়েছেন। গত বুধবার সর্বশেষ মুম্বাইয়ের দায়রা আদালত তার জামিন আবেদন নাকচ করে। এরপর হাইকোর্টে জামিনের আবেদন করেছেন আরিয়ান। আবেদনে তিনি বলেছেন, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) তার হোয়াটসঅ্যাপ চ্যাটের ভুল ব্যাখ্যা করছে। যেটা অযৌক্তিক এবং মারাত্মক ভুল। এর মাধ্যমে মাদক মামলায় আমাকে ফাঁসানো হচ্ছে। হোয়াটসঅ্যাপের যেসব চ্যাট নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, সেগুলো ঘটনার অনেক আগেরকার। একই সঙ্গে তাকে জামিন না দেওয়ার ব্যাপারে বিশেষ আদালতের যুক্তি নিয়েও প্রশ্ন তুলেছেন আরিয়ান। আগামী মঙ্গলবার হাইকোর্টে তার জামিন আবেদনের ওপর শুনানি হবে।

এদিকে গতকাল শনিবার এনসিবির দপ্তরে যান শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি। সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, শাহরুখপুত্রের অতীত চিকিত্সার নথি, তার শিক্ষাগত যোগ্যতার নথি যাচাই করার জন্যই পূজাকে তলব করা হয়। পূজা শুধু শাহরুখের দীর্ঘদিনের ম্যানেজার নন, আরিয়ানেরও ঘনিষ্ঠ। কিছুদিন আগে শাহরুখের গাড়িচালকদের মধ্যে এক জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। আরিয়ানের ঘনিষ্ঠ কোনো ব্যক্তি তাকে মাদক সরবরাবহ করতেন কি না, তারই অনুসন্ধান করছেন গোয়েন্দারা। সেই সূত্রে পূজা বা শহরুখের গাড়িচালককে জিজ্ঞাসাবাদ।

অন্যদিকে গতকালও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলিউডের উঠতি নায়িকা অনন্যা পান্ডেকে। আনন্দবাজার পত্রিকার আরেক খবরে বলা হয়েছে, শুক্রবার এনসিবির জেরার মুখে কিছু কথা স্বীকার করেছেন অনন্যা। অনন্যার কথায়, তিনি আন্দাজ করতে পারছেন কে শাহরুখের পুত্রকে মাদক সরবরাহ করতেন। তার দাবি, এরই মধ্যে সেই ব্যক্তি এক-দুইবার আরিয়ানকে মাদক সরবরাহও করেছেন। এ প্রসঙ্গে তিনি শাহরুখ খানের বাড়ির এক পরিচারকের দিকে ইঙ্গিত করেছেন।

জিজ্ঞাসাবাদে অনন্যা বলেন, আরিয়ানের সঙ্গে তিনি হোয়াটসঅ্যাপ বার্তায় নিছক মজা করেই গাঁজা এনে দেওয়ার কথা বলেছিলেন। কোনোভাবেই কোনো মাদকচক্রের সঙ্গে তিনি জড়িত নন। জেরায় হাজিরা দিতে গিয়ে দেরিতে উপস্থিত হওয়ায় তাকে কটাক্ষের শিকার হতে হয়েছে। এনসিবির কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে তিরস্কার করে অনন্যাকে বলেন, এটা কোনো প্রযোজনা সংস্থার দপ্তর নয়, একটি কেন্দ্রীয় সংস্থার দপ্তর।