রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে চলন্ত ট্রেনে পাথর ছুড়ে মারার ঘটনায় এক কিশোর ও দুই যুবককে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। গ্রেফতারকৃতরা হলো—আকাশ রহমান (১৮), রিফাত ইসলাম (১৯) ও হাসান (১৯)।
গত বুধবার সকাল পৌনে ১১টায় পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করার সময় তিন জন পাথর ছোড়ে। তাদের পাথর ট্রেনের কোচের জানালায় না লেগে বডিতে আঘাত করে। এতে কোচের রং উঠে যায়। পরবর্তী সময়ে বিষয়টি তদন্ত করে বিমানবন্দর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সার্কেলের সিপাহি রুবেল মিয়া শুক্রবার রাতে বিমানবন্দর রেল স্টেশন এলাকার আশপাশের এলাকা থেকে ঐ তিন জনকে আটক করে। পরে তাদের বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে। আটকৃকতরা পাথর ছুড়ে মারার কথা স্বীকার করেছে। পরে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আলী আকবর বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় তাদের গতকাল আদালতে পাঠায় পুলিশ। আদালত ঐ কিশোরকে সংশোধনাগার এবং দুই যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
