বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ২৮-৩১ অক্টোবর অনুষ্ঠেয় সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস টুর্নামেন্টের শুভেচ্ছাদূত হিসেবে গতকাল ঢাকায় এসেছেন অলিম্পিক স্বর্ণজয়ী রাশিয়ান জিমন্যাস্ট বাংলাদেশি বংশোদ্ভূত মার্গারিটা মামুন।
গতকাল দুপুরে ঢাকা ক্লাবে টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠানে মার্গারিটাকে হাজির করে জিমন্যাস্টিক ফেডারেশন চমক দিতে চেয়েছিল। কিন্তু ফ্লাইট দেরি হওয়ায় সময়মতো পৌঁছাতে পারেননি মার্গারিটা। অথচ তিনি বিকালে এলেও নিরাপত্তার অজুহাত দিয়ে সংবাদমাধ্যমকে দূরে রাখেন ফেডারেশন সভাপতি শেখ বশির আহমেদ মামুন।
বাংলাদেশ সফরে খেলা দেখাসহ রাজশাহীতে নিজের পৈতৃক বাড়িতে যাবেন মার্গারিটা। তার বাবা ছিলেন আব্দুল্লাহ আল মামুন একজন মেরিন প্রকৌশলী ও মা অ্যানা রাশিয়ার সাবেক রিদমিক জিমন্যাস্ট।
মায়ের মতোই রিদমিক জিমন্যাস্ট হিসেবে ক্যারিয়ার গড়েন ২৫ বছর বয়সি মার্গারিটা। ১২ বছর বয়স পর্যন্ত বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। কিন্তু এর পর থেকে বিভিন্ন প্রতিযোগিতায় খেলেন মায়ের দেশের পরিচয়ে। ২০১৬ সালে অনুষ্ঠেয় রিও অলিম্পিকে অল অ্যারাউন্ড ইভেন্টে রাশিয়াকে এনে দেন স্বর্ণ। কিন্তু এর পরের বছর নভেম্বরে বিদায় জানান জিমন্যাস্টিকসকে। তার কয়েক মাস আগে অবশ্য বিয়ে করেন রাশিয়ান অলিম্পিক সুইমার আলেক্সান্দার সুখোরুকভকে। ২০১৯ সালে একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি।
এদিকে বঙ্গবন্ধু সেন্ট্রাল সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও উজবেকিস্তান।
