বিএফইউজের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ০০:৪৮

বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন ওমর ফারুক। মহাসচিব হয়েছেন দীপ আজাদ। কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন খায়রুজ্জামান কামাল।

গতকাল শনিবার রাতে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন পরিচালনা কমিটি ফল ঘোষণা করে। বিএফইউজের নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, মহাসচিব, যুগ্ম মহাসচিব, কোষাধ্যক্ষ, দফতর সম্পাদক ও চারটি নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৪ জন প্রার্থী।

ঢাকায় সহ সভাপতি পদে মধুসুদন মন্ডল, যুগ্ম মহাসচিব পদে শেখ মামুনুর রশিদ, দফতর সম্পাদক পদে সেবিকা রানী বিজয়ী হয়েছেন। চারজন কার্যনির্বাহী সদস্য হলেন, উম্মুল ওয়ারা সুইটি, ড. উত্পল কুমার সরকার, নূরে জান্নাত আক্তার সীমা ও শেখ নাজমুল হক সৈকত।

ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, খুলনা, যশোর, কুষ্টিয়া ও নারায়ণগঞ্জ কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ হয়। এবারের নির্বাচনের জন্য গঠিত ছয় সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জার্নাল পত্রিকার সম্পাদক শাহজাহান সরদার।