মিরপুরে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৫

 

দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এ সময় অবৈধভাবে এলইডি বিজ্ঞাপন প্রচারের দায়ে বনলতা সুইটসকে ৫০ হাজার টাকা এবং ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে মেজবান রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার দিনব্যাপী মিরপুর ১০ নম্বর এলাকায় ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার জানান, অভিযানের সময় রাস্তা ও ফুটপাত থেকে ৪শটির বেশি অবৈধ স্থাপনা অপসারণ করে প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গা উদ্ধার করা হয়। ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র মোঃ জামাল মোস্তফা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এমএ রাজ্জাক, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শফিউল আজম প্রমুখ।