ইত্তেফাক ডেস্ক
পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ দুই জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
বাগেরহাট প্রতিনিধি জানান, মোংলা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের মোল্লাহাট উপজেলার দক্ষিণ গাড়ফা এলাকায় সড়ক দুর্ঘটনায় রানী বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। রানী বেগম খুলনার পাইকগাছা উপজেলার বেতবুনিয়া গ্রামের রুহুল আমীনের স্ত্রী। মোল্লাহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. আবুল খায়ের বলেন, মোল্লাহাট উপজেলার দক্ষিণ গাড়ফা গ্রামে ছোট ভাইয়ের মৃত্যুর দোয়া অনুষ্ঠানে আসেন রানী বেগম। সকালে বাড়ির ফেরার জন্য মোংলা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের মোল্লাহাট উপজেলার দক্ষিণ গাড়ফা এলাকায় যানবাহনের জন্য দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি প্রাইভেটকার বিপরীত দিক থেকে আসা মোটরসাইলকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি রানী বেগমের গায়ে উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বরিশাল অফিস জানিয়েছে, বরিশালে বাসের চাপায় পুলিশের ট্রাফিক বিভাগের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর রুপাতলীর উকিল বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নেজারুল (৪৫) বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর আব্দুর রহিম বলেন, রুপাতলী থেকে জব্দকৃত একটি অটো নিয়ে নেজারুল পুলিশ লাইনের দিকে আসছিলেন। উকিলবাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে অটোটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নেজারুল বাসের নিচে চাপা পড়েন। উন্নত চিকিত্সার জন্য তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে ইচলাদী টোল ঘর এলাকায় মৃত্যু হয় নেজারুলের। তার লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
