গঙ্গাচড়ায় আমনখেতে কারেন্ট পোকার আক্রমণ

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২১:২১

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

গঙ্গাচড়ায় আমনখেতে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। এ অবস্থায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। সরজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় ধানখেতে পোকার আক্রমণে এমন চিত্র লক্ষ্য করা যায়। এ সময় কৃষকরা জানান, ঐ পোকা ধানগাছের রস খেয়ে ফেলে। ফলে ধানগাছ শুকিয়ে খড় হয়ে যায়। সেই সঙ্গে ধান চিটা হয়ে যায়। এক বার খেতে কারেন্ট পোকা লাগলে পাঁচ থেকে সাত দিনের মধ্যে সমস্ত খেতে ছড়িয়ে পড়ে। কারেন্টের মতো কাজ করে বলে কৃষকরা এ পোকার নাম দিয়েছেন কারেন্ট পোকা। আসলে এ পোকার নাম বাদামি গাছ ফড়িং। উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নবনীদাস গ্রামের কৃষক মোখলেছার জানান, তার ৬৬ শতক জমিতে কারেন্ট পোকা লেগেছে। চার/পাঁচ বার কীটনাশক স্প্রে করার পরও তেমন কাজ হয়নি। খেতে যাতে সহজে আলো-বাতাস ঢুকতে পারে সেজন্য খেত ফাঁক করে দিয়েছেন কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, কারেন্ট পোকা দমনে কৃষকদের মধ্যে প্রয়োজনীয় পরামর্শসহ লিফলেট বিতরণ করা হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, কৃষকরা ঠিকমতো কীটনাশক স্প্রে করে না।