স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ২০টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় শনিবার একসঙ্গে অংশ নিয়েছেন ভর্তিচ্ছু ৭ হাজার ২৫ জন পরীক্ষার্থী। গুচ্ছ ভর্তি পরীক্ষার দ্বিতীয় ধাপে শনিবার বি(বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার জানান, সমন্বিত ২০টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে মোট ১৫ হাজার ৩৩৮ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে গত ১৭ অক্টোবর এ(বিজ্ঞান) ইউনিটে ৭ হাজার ২৫ জন পরীক্ষার্থী অংশ নেয় এবং ২৪ অক্টোবর বি(বাণিজ্য) ইউনিটে ৭ হাজার ২৫ জন অংশ নেয়। এছাড়াও আগামী ১ নভেম্বর সি(মানবিক) ইউনিটে ১ হাজার ২৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এদিকে পরীক্ষার্থীদের সুবিধার্থে হাবিপ্রবি কর্তৃপক্ষ দিনাজপুর শহর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিশেষ বাসের ব্যবস্থা করেছে। সকাল ১০টায় দিনাজপুর বড় মাঠ থেকে দুটি বাস এবং সকাল সাড়ে ১০টায় দিনাজপুর বাস টার্মিনাল থেকে আরো দুটি বাস বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরীক্ষার পর দুপুর সোয়া ১টায় দুটি এবং দেড়টায় আরো দুটি বাস দিনাজপুর শহরের উদ্দেশ্যে ক্যাম্পাস ত্যাগ করে।
