স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুরে করোনা সংক্রমণ পুরোপুরি থেমে না গেলেও চরমভাবে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব তো দূরের কথা, মাস্ক পরা ভুলেই গেছে মানুষ। শনিবারও দিনাজপুরে করোনা সংক্রমণের হার ছিল ৮ দশমিক ১৯ শতাংশ। আগস্ট মাসের পর থেকে দিনাজপুরে কমতে শুরু করে করোনা সংক্রমণের হার। আর এতে জেলায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বললেই চলে। দিনাজপুর শহরের প্রতিটি বাজার, শপিংমল ও বিভিন্ন গণজমায়েতে কমে গেছে মাস্কের প্রচলন। দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, মানুষ স্বাস্থ্যবিধি মেনে চললে দিনাজপুরে করোনার সংক্রমণ পুরোপুরি কমিয়ে আনা সম্ভব। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মুখে মাস্ক ব্যবহারের আহ্বান জানান। দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের শনিবারের দেওয়া তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় ৬১ জনের নমুনা পরীক্ষা করে পাঁচ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ১৯ শতাংশ। নতুন যে পাঁচ জন রোগী শনাক্ত করা হয়েছে, এরা সবাই দিনাজপুর সদর উপজেলার। এদিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ২৪ জন, দিনাজপুর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৯ জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহের করোনা ইউনিটে চিকিত্সাধীন রয়েছেন ১৩ জন।
