আনোয়ারায় আমন পরিচর্যায় ব্যস্ত কৃষক

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২১:২২

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

আনোয়ারায় সেপ্টেম্বরের প্রথম থেকেই শুরু হয় আমন ধান রোপণ। রোপণের শুরুতেই অতিবৃষ্টির কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল আমন চারা। বৃষ্টির পানি নেমে যাওয়ার পর ধান রোপণ শেষে এখন আমনখেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে, এবার উপজেলার ৭ হাজার ৪৮০ হেক্টর জমিতে আমন ধান রোপণ করা হয়েছে। উপজেলার হাইলধর গ্রামের কৃষক আবুল হাশেম বলেন, বর্তমানে ধানে কিছু পোকার আক্রমণ দেখা দেওয়ায় স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়েছি। তাদের পরামর্শে গত শুক্রবার থেকে পানির সঙ্গে মিশিয়ে চিটা স্প্রে করেছি। পোকার আক্রমণ থেকে রক্ষা ও আবহাওয়া ভালো থাকলে এবার আমনের ভালো ফলনের আশা করছি।

উপজেলার বারাখাইন ইউনিয়নের কৃষক লেয়াকত আলী বলেন, আমন চারায় পোকার আক্রমণ শুরু হয়েছে। কিন্তু ধানের রোগ নির্ণয় করে পোকা দমনের বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তার দেখা পাওয়া যায় না। ফলে বাধ্য হয়ে খেতে নিজের পছন্দমতো কীটনাশক প্রয়োগ করছি। উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী বলেন, এ সময় উপজেলায় আমন ধানে মাজরা পোকা এবং পাতা মারানো পোকা লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে কৃষকদের আলোকফাঁদসহ বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করে পোকা দমনে পরামর্শ দিচ্ছি।