নকল টিভি-ফ্রিজ বিক্রির দায়ে জরিমানা

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২১:২২

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

টেলিভিশন-ফ্রিজসহ অন্যান্য নকল ইলেকট্রনিকস পণ্য বিক্রির অভিযোগে গফরগাঁওয়ে একটি দোকানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার দুপুরে র্যাব-১৪ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয় পৌর শহরের স্টেশন রোড এলাকায় মেসার্স ইকবাল ইলেকট্রিক ও ইলেকট্রনিকস নামক দোকানে এ অভিযান চালায়। এ সময় মেসার্স ইকবাল ইলেকট্রিক ও ইলেকট্রনিকসকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, বিভিন্ন ব্র্যান্ডের নকল টিভি-ফ্রিজসহ ইলেট্রনিকস পণ্য বিক্রির অভিযোগ পাওয়ার পর অভিযান চালানো হয়।