স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের কিছুদিন আগেই টেস্ট থেকে অবসর নিয়ে চমকে দেন মঈন আলী। তখন আইপিএলে ব্যস্ত তিনি। ব্যাটিং-বোলিং দুটোতেই পারফরম করে যাচ্ছেন সমানভাবে। চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করার পর টি-২০ বিশ্বকাপেও বজায় রাখেন সেই ধারা। তার দুর্দান্ত বোলিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে আসর শুরু করে ইংল্যান্ড।
দুবাই ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে লেন্ডল সিমন্স ও শিমরন হেটমায়ারকে তুলে নিয়ে যেন ক্যারিবিয়ানদের মেরুদণ্ডই ভেঙে দেন মঈন। পরে আদিল রশিদের চার উইকেটে মাত্র ৫৫ রানেই অলআউট হয়ে যায় পোলার্ডরা। তবে ম্যাচ সেরা পুরস্কার উঠে ১৭ রানে ২ উইকেট নেওয়া মঈনের হাতেই। রশিদের থেকে কম উইকেট পেয়েও কেন তার হাতে ম্যাচ সেরার পুরস্কার, সে প্রশ্ন উঠতেই পারে। ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগানের বক্তব্য শোনার পর হয়তো তা নিয়ে আর কোনো সংশয় থাকবে না। মরগান বলেন, ‘সে এমন একজন ব্যাসিক খুব ভালো করে। আমি মনে করি, মঈন কন্ডিশন খুব ভালো বুঝতে পারে। ম্যাচ তার পক্ষে গেলে, সে সুযোগ কাজে লাগায়। আইপিএলের সাফল্যে পর সে তার সুযোগগুলো দুর্দান্তভাবে কাজে লাগাচ্ছে।
অথচ এই ম্যাচের আগে গত এক বছর টি-২০তে মঈনকে ভালো মতো ব্যবহারই করেনি ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা ও ভারত সফরে একাদশে সুযোগই মিলেনি তার। গত গ্রীষ্মে যখন শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ মিলে তখন দায়িত্ব ছিল খুবই ছোট। ব্যাট করতেন ৭ এর নিচে আর বোলিংয়ে পেতেন মাত্র কয়েক ওভার। সেই তিনিই আইপিএলে এসে নিজের গুরুত্ব বুঝিয়েছেন।
