ফের বড় পতন শেয়ারবাজারে

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২১:২৯

ইত্তেফাক রিপোর্ট

সাত কার্যদিবস পর গত বৃহস্পতিবার উত্থানে ফিরলেও গতকাল রবিবার সপ্তাহের প্রথম কার্য দিবসে আবার বড় পতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭০ দশমিক ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭ হাজার ০৫ দশমিক ৭০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩০ দশমিক ৩৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ দশমিক ০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪৮৭ দশমিক ৭৮ পয়েন্টে এবং ২ হাজার ৬৯৮ দশমিক ৩১ পয়েন্টে। ডিএসইতে গতকাল ১ হাজার ৪৭০ কোটি ৬৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৫৯ কোটি ৬৯ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩১০ কোটি ৯৭ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৭টির বা ১৫ দশমিক ২০ শতাংশের, শেয়ার দর কমেছে ২৯২টির বা ৭৭ দশমিক ৮৭ শতাংশের এবং ২৬টির বা ৬ দশমিক ৯৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪১ দশমিক ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৫১ দশমিক ৭৭ পয়েন্টে।