ইত্তেফাক রিপোর্ট
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপ ও হিন্দুদের বাড়িঘরে হামলার বিষয়টি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। দেশের মানুষ জানতে চায় কে বা কারা হাজার বছরের সম্প্রীতি নষ্ট করতে ষড়যন্ত্রে লিপ্ত। তাই সাম্প্রদায়িক ষড়যন্ত্রের ও হামলার ঘটনার তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে। তিনি গতকাল রবিবার তার বনানী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে এ দাবি জানান।
জি এম কাদের বলেন, দুর্গা উত্সবের আগে কখনোই হামলার ঘটনা ঘটেনি। এবার কেন ঘটল তা খতিয়ে দেখতে হবে। এই ষড়যন্ত্রের নেপথ্যে কারা জড়িত তাও বের করতে হবে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন জঘন্য ঘটনা আর না ঘটে।
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও রনচন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনামুল হক জাপা চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাপায় যোগ দেন। জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ ও অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টামণ্ডলীর সদস্য সেলিম উদ্দিন, ভাইস-চেয়ারম্যান আহসান আদেলুর রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
