যুবলীগ নেতা জেলহাজতে
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ২ নম্বর নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের চরখালীতে যুবলীগ সভাপতি মো. দুলাল খানের হামলায় আহত হয়েছেন একই এলাকার আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন খান রিপন। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। ঐ ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি তালুকদার এমরান হোসেন, স্থানীয় বাসিন্দা ও আহত রিপন খান সাংবাদিকদের জানান, শনিবার চরখালী বিসমিল্লাহ চত্বরের বায়তুল আনোয়ার জামে মসজিদে এশার নামাজ শেষে স্থানীয় ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা রিপন খান নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে আসছিলেন। এ সময় যুবলীগ নেতা দুলাল খান সঙ্গীয় লোক নিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয়। আহত রিপনকে স্বজনরা উদ্ধার করে ভাণ্ডারিয়া হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস জানান, দুলাল খান এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি একাধিকবার ফেনসিডিল ও ইয়াবাসহ গ্রেফতার হয়েছিলেন। সম্প্রতি ভাণ্ডারিয়া থানায় এক মাদক (ইয়াবা) মামলায় উখিয়ার ইসমাঈল নামের আরেক মাদক ব্যবসায়ীসহ দুলাল খান গ্রেফতার হয়ে জেলহাজতে ছিলেন। তিনি কয়েক দিন আগে জামিনে বেরিয়ে এসে রিপনের ওপর হামলা চালায়। হামলার ঘটনায় রিপন খান বাদী হয়ে চার জনের নামোল্লেখ করে একটি মামলা দায়ের করলে দুলাল খানকে পুলিশ গ্রেফতার করেছে। তাকে গতকাল রবিবার কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি চরখালী গ্রামের মৃত আব্দুস সোবাহান খানের পুত্র।
