শার্শায় বোমা তৈরিকালে বিস্ফোরণে তিন জন আহত

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২২:০৮

বেনাপোল (যশোর) সংবাদদাতা

বেনাপোলের সীমান্তবর্তী উপজেলা যশোরের শার্শায় বোমা তৈরিকালে বিস্ফোরণে তিন জন আহত হয়েছে। অন্যদিকে নির্বাচনি সহিংসতায় এ  উপজেলার সর্বত্র উত্তপ্ত হয়ে উঠেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পুটখালী গ্রামের চোরাকারবারি নাসির উদ্দিনের গোয়াল ঘরে শনিবার রাতে বোমা তৈরিকালে হঠাত্ বিস্ফোরণে ঐ গ্রামের  জিয়াউর  রহমানের ছেলে রাসেদ আলীসহ আরো অজ্ঞাত দুই যুবক আহত হয়। তাদের গোপনে বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা চলছে বলে জানান স্থানীয়রা। বোমায় রাসেদের দুই হাত উড়ে যায়। অন্যদিকে শার্শার গোগা ও খলসি এলাকায় ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল গফ্ফার ও আব্দুর রশিদের সমর্থকদের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় ইউপি সদস্য আলমগীর হোসেন, হযরত আলী ও আলাউদ্দিনসহ ৪৭ জন আহত হয়। গুরুতর জখম আট জনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান স্বজনরা।