জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আগে

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২২:১৬

অর্থনৈতিক সমৃদ্ধি, অবকাঠামোগত উন্নতি থেকে শুরু করে বাংলাদেশে নানান দৃষ্টিনন্দন সংস্কার হলেও শহরের নালাগুলো এখনো আগের মতোই রয়ে গেছে—এক্ষেত্রে চট্টগ্রাম বেশ আলোচিত। এখানে বর্ষা মৌসুমে বেশকিছু এলাকা পানিতে ডুবে বিস্তৃত জলাশয়ের রূপ ধারণ করে। এসব পানি অপসারণে যেসব পয়ঃপ্রণালী রয়েছে তা মোটেও যথেষ্ট নয়। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, শহরের আশপাশের জনবহুল জায়গায় এসব বেশ অপরিকল্পিত অবস্থায় রয়েছে। জিইসি এলাকাসহ কিছু কিছু জায়গায় দেখা যায়, ভেঙে যাওয়া ম্যানহোলের ওপরে ডালপালা বা কাঁটা জাতীয় জিনিস পুঁতে দেওয়া হয়েছে। বেশ কিছু জায়গায় সম্পূর্ণ খোলা—তার ওপরে কোনো ঢাকনা পর্যন্ত দেওয়া হয়নি। কিছুদিন আগে মুরাদপুর ও ২ নম্বর গেটের ম্যানহোলে পড়ে প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব ঘটনা মানুষের মনে যে শঙ্কার সৃষ্টি করেছে, তাতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ সমস্যা সমাধানে প্রথমে নগরীর জনবহুল জায়গার ম্যানহোলগুলোকে অগ্রাধিকার দিয়ে তার ওপরে টেকসই ঢাকনা দেওয়ার ব্যবস্থা করতে হবে। মানুষের জীবনের নিরাপত্তা না থাকলে দেশের অগ্রযাত্রা ও উন্নতি কোনো কাজেই আসবে না। সবার আগে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ইস্রাফিল রনি

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়