গৌরীপুর বাজারের ভবিষ্যত্ নিয়ে শঙ্কা

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২২:১৬

কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় পুরো গৌরীপুর বাজার। শুধু তাই নয়, বাজারের রাস্তাঘ সয়লাব হয়ে যায় আবর্জনাময় পানিতে। ক্রেতা-বিক্রেতাদের চলাচলের অযোগ্য হয়ে পড়ে পুরো বাজারের অলিগলি। সৃষ্টি হয় জলাবদ্ধতার। এই জমে থাকা পানি সরাতে যান স্থানীয় পরিচ্ছন্নতাকর্মী মো. হেলাল। এক সময় পুকুরের ভেতর ড্রেনের মুখের আবর্জনার স্তূপ সরানোর সময় পানিতে হেলাল ডুবে  গেলে প্রায় ৩০ ঘণ্টা পর তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। এভাবেই হারিয়ে যান একটি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটি।

বাজারটি সবার কাছেই সুপরিচিত এবং জনপ্রিয়। কিন্তু অবহেলা ও অব্যবস্থাপনায় বাজারটি হারাতে বসেছে তার নিজস্ব জৌলুস। বিশেষ করে কাঁচা ও মাছ বাজার এই দুটি জায়গায় জলাবদ্ধতা সব সময় লেগেই থাকে। তার প্রধান কারণ হচ্ছে, এখানে পরিকল্পনানুযায়ী রাস্তা তৈরি করা হয়নি। এমনকি ড্রেনেজ ব্যবস্থাও ভালো না। যদিও এই বাজারের চারপাশে গড়ে উঠেছে আবাসিক এলাকা এবং অসংখ্য বহুতল ভবন। কিন্তু এখানে যেসব জলাশয় ছিল সেসব ভরাট হয়ে গেছে। নামমাত্র যা অবশিষ্ট আছে তাও রাঘববোয়ালদের দখলে চলে যাচ্ছে। ‘জোর যার মুল্লুক তার’ নীতিতে দখল বাণিজ্যে মেতে উঠেছে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান। গৌরীপুর-হোমনা সড়কের দুপাশসহ বাজারের বিভিন্ন জায়গা দখল করে ভবনসহ নানা স্থাপনা তৈরি করে মহাবাণিজ্য শুরু করেছে ভূমিখেকোরা। যার ফলে ভয়াবহ পয়ঃনিষ্কাশন সমস্যা ও যানজট গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের। বিষয়টির প্রতি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এম এ রহমান

গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা