দুর্বৃত্ত যে দলেরই হোক, ব্যবস্থা নেওয়া হবে :আইনমন্ত্রী

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২২:২৮

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় অপরাধী যেই হোক, যে দলেরই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ছাত্রলীগ বা অন্য লীগ বা অন্য দল, এসব না, যারা অপরাধ করবে তাদের বিচার হবে। সে যে দলেরই হোক, যে গোষ্ঠীরই হোক, যে জাতিরই হোক। কারণ অপরাধী অপরাধীই, তার বিচার হবে। গতকাল রবিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।  তিনি বলেন, কুমিল্লার ঘটনার পর দেশে অস্থিতিশীলতার জন্য পীরগঞ্জসহ ২৪ জেলায় সহিংসতা করা হয়েছিল। এ ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করা হবে। কুমিল্লার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে যাদের নাম উঠে আসবে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, দেশে প্রায় ৩৭ লাখ মামলার জট তৈরি হয়েছে। এটা নতুন করে তৈরি হয়েছে তা নয়, অতীতের পুঞ্জীভূত সমস্যা। এ জট নিরসন করতে হবে। ২০২২ সালে ৬ লাখ মামলা কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে বিচারকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) মো. গোলাম কিবরিয়া বক্তৃতা করেন।