আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখলের দিবাস্বপ্ন ভেস্তে যাচ্ছে বলেই বিএনপির দৃষ্টিসীমা এখন কুয়াশাচ্ছন্ন। গতকাল রবিবার দুপুরে ওবায়দুল কাদের তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আরো বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, অগ্রগতি এবং দেশ এগিয়ে যাওয়ার কোনো চিত্র বিএনপি দেখতে পায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মেরুদণ্ড শক্ত, কারণ সরকারের সঙ্গে জনগণ রয়েছে। কোনো দৃশ্যমান বা অদৃশ্য শক্তির কাছে বঙ্গবন্ধুকন্যা মাথা নত করেন না। বরং বিএনপির রাজনীতি চলছে অদৃশ্য সুতার টানে।
‘দেশ এক অদৃশ্য শক্তি চালাচ্ছে, এ শক্তি বিএনপির ওপর খবরদারি করছে’ মর্মে বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আসলে শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যত্মুখী রাজনীতি বিএনপির সুবিধাবাদী রাজনীতির ওপর অমানিশার ছায়া ফেলেছে। বর্তমানে দেশের মানুষ নির্ভয়ে এবং স্থিতিশীল পরিবেশে নিজ নিজ কর্মকাণ্ড এগিয়ে নিচ্ছে। ‘দেশে আতঙ্ক ও নির্মম রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে’ মর্মে বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে সেতুমন্ত্রী বলেন, তাদের এমন অভিযোগ ভিত্তিহীন। বর্তমান সরকার কোনো দলের ওপর খবরদারি করে না, বরং সরকার পরিচালনাকে পবিত্র দায়িত্ব মনে করে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের এমন অভিযোগ চিরাচরিত ও কাল্পনিক, সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার আগে তাদের নিজেদের শাসনকালের কথা মনে করা উচিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ধীরে ফখরুল সাহেব ধীরে, রেগে গেলেন তো হেরে গেলেন। বিএনপি মহাসচিব গোস্বা করে ফেলেছেন, তিনি ক্ষোভের বশবর্তী হয়ে সরকারের বিরুদ্ধে কিছু শব্দমালার বিস্ফোরণ ঘটিয়েছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘দলীয় পরিচয় যা-ই হোক, শেখ হাসিনার কাছে অনিয়মকারীর কোনো প্রশ্রয় নেই, যা তিনি ইতিমধ্যে প্রমাণ করেছেন।’
