অমিত শাহর সফরের মধ্যেই কাশ্মীরে জঙ্গি হামলা, নিহত ১

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২২:৩৮

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সফরের মধ্যেই কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছে। অথচ তিনি সেখানে গিয়ে ঘোষণা দিয়েছিলেন সন্ত্রাসকে একেবারে মূল থেকে উত্পাটন করবেন। তিন দিনের সফরে এখনো তিনি কাশ্মীরে। রবিবার তার উপস্থিতিতেই পর পর দুটি জঙ্গি হামলার ঘটনা ঘটে গেল উপত্যকায়। একটি হামলায় এক জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। অন্যটিতে গুরুতর জখম হয়েছেন এক সেনা সদস্য এবং পুলিশ বাহিনীর আরো দুই সদস্য।

কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে, ‘রবিবার সকাল সাড়ে ১০টার সময় কয়েক জন জঙ্গি সিআরপিএফের ১৭৮ নম্বর ব্যাটালিয়নের নাকা পার্টির ওপর হামলা চালায়। পালটা জবাব দেয় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। দুপক্ষের গুলি ও সংঘর্ষের মধ্যে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।’ এই নিয়ে অক্টোবরের শুরু থেকে জম্মু ও কাশ্মীরে মোট ১২ জন                 সাধারণ নাগরিক প্রাণ হারালেন। তবে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী জম্মু ও কাশ্মীরে থাকাকালীন পর পর দুটি জঙ্গি হামলার ঘটনায় স্পষ্টতই বিব্রত হয়েছে নয়াদিল্লি। রবিবার জম্মুতে জনসভা ছিল অমিত শাহর। তার আগে শনিবার সন্ধ্যায় তিনি শ্রীনগরের ইউথ ক্লাবের অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছেন। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদ হওয়ার পর এই প্রথম কাশ্মীরে  গেলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।—হিন্দুস্তান টাইমস