প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নিয়ে আপত্তিকর পোস্ট

পীরগাছায় তরুণ হোসেনপুরে প্রভাষক গ্রেফতার

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২২:৩৯

রংপুরের পীরগাছায় ফেসবুকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সম্পর্কে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সোহানুর রহমান রাতুল (১৫) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সোহানুর রহমান রাতুল উপজেলার পারুল ইউনিয়নের পশ্চিম পারুল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সোহানুর রহমান রাতুল অন্যের আইডিতে পোস্ট দেওয়া বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গ ছবির স্ক্রিনশট নেন। পরে সেই স্ক্রিনশট নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন।

পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম জানান, সোহানুর রহমান রাতুল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

হোসেনপুরে প্রভাষক প্রেফতার

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের হোসেনপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ছবি ও মন্তব্যসহ ধর্মীয় স্পর্শকাতর বিষয়ে ফেসবুকে পোস্ট শেয়ার করার দায়ে প্রভাষক মোহাম্মদ রুহুল আমীনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে কিশোরগঞ্জ জেলা শহরের আখড়াবাজার ব্রিজসংলগ্ন শহিদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত ১৪ অক্টোবর ‘স্বপ্নের পৃথিবী শুধু অন্ধকার’ নামে একটি  ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে দেওয়া একটি পোস্ট রুহুল আমীন তার নিজের প্রোফাইলে শেয়ার করেন। সেখান থেকেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।