প্রাণ আরএফএলের বিরুদ্ধে বালু নদ ভরাটের অভিযোগ

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ০১:০৯

টঙ্গীর বালু নদের তীরভূমি ও নদীগর্ভ ভরাট করার অভিযোগে প্রাণ আরএফএল গ্রুপের দুই ম্যানেজারসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গত শনিবার রাজধানীর খিলক্ষেত থানায় মামলাটি দায়ের করেন বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক (টঙ্গী নদীবন্দর) রেজাউল করিম। মামলায় অজ্ঞাতনামা হিসেবে আরো ৮-১০ জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, থানায় মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মামলার এজাহারে বলা হয়, শনিবার সকালে রাজাখালী নৌ-পুলিশের ইনচার্জ মো. আহসান হাবিব খান, পুলিশ পরিদর্শক (নি.) রাশিদুল ইসলাম, উপ-পুলিশ পরিদর্শক (নি.) মো. আজিজুর রহমান, উপসহকারী প্রকৌশলী (ঢাকা বিভাগ) মো. কামাল হোসেন, কারিগরি সহকারীসহ মামলার বাদী টঙ্গী নদীবন্দরের নিয়ন্ত্রণাধীন খিলক্ষেত থানাধীন পাতিরা মৌজায় বালু নদের পশ্চিম পাশে নালিশি স্থানটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে দেখা যায়, বালু নদের পাতিরা মৌজায় কর্তৃপক্ষের লে-আউটকৃত সীমানা পিলার নম্বর ২৮, ২৯ ও ৩০-এর অভ্যন্তরে প্রাণ আরএফএল বালু নদের সাড়ে ১২ হাজার বর্গফুট তীরভূমি ও নদীগর্ভ ভরাট করেছে। উক্ত অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জানা যায়, উপরোক্ত ১ ও ২ নম্বর আসামির নেতৃত্বে ৮-১০ জন নদ ভরাট কার্যক্রম পরিচালনা করেন।