কুমিল্লায় কোরআন অবমাননার মামলা সিআইডিতে

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১০:০৩

কুমিল্লা নগরীর নানুয়া দীঘির পাড়ের একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় দায়েরকৃত মামলা তদন্ত করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলাটি তদন্তের জন্য সিআইডিতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

শনিবার (২৩ অক্টোবর) রাতে সিআইডি কুমিল্লার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলাটি তদন্তের জন্য সিআইডিতে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে এখনো আদেশের কপি হাতে আসেনি। হয়তো সোমবার এ সংক্রান্ত আদেশের বার্তা হাতে আসবে।

কক্সবাজারে আটক ইকবালকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

এ মামলায় গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে গ্রেফতার ইকবাল হোসেনসহ চার জন শনিবার থেকে সাত দিনের পুলিশ রিমান্ডে রয়েছে। অপর আসামিরা হচ্ছেন—ঘটনার দিন সকালে পুলিশকে ৯৯৯-এ ফোন করা রেজাউল ইসলাম ইকরাম, দারোগাবাড়ি মাজার মসজিদের সহকারী খাদেম ফয়সাল ও হুমায়ুন কবির সানাউল্লাহ।

ঘটনার দিন গত ১৩ অক্টোবর কোতোয়ালি মডেল থানার এসআই হারুন অর রশীদ বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও অবমাননা করার অপরাধে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় এ মামলাটি দায়ের করেন।

ইত্তেফাক/এমআর