রায়পুরে ৬ ছাত্রের চুল কেটে দেওয়া সেই শিক্ষকের জামিন

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৯:৩৭

লক্ষ্মীপুরের রায়পুরে ৬ ছাত্রের চুল কেটে দেওয়া সেই মাদরাসা শিক্ষক মঞ্জুরুল কবিরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৫ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ জামিন মঞ্জুর করেন। শিক্ষক মঞ্জুরুল রায়পুর উপজেলার হামছাদী কাজিরদিঘীর পাড় আলিম মাদরাসার সহকারী শিক্ষক ও বামনী ইউনিয়ন জামায়াতের আমির। 

মঞ্জরুলের আইনজীবী কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার বাদি শাহেদা বেগম আদালতে উপস্থিত ছিলেন। বাদির আপত্তি না থাকায় আদালতের বিচারক শিক্ষকের জামিন আবেদন মঞ্জুর করেন। এসময় আসামিকে আদালতে উপস্থিত করা হয়নি।

আদালত সূত্র জানায়, ১০ অক্টোবর শিক্ষক মঞ্জুরুলকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়পুর আদালতে উপস্থিত করে জামিন আবেদন করা হয়। ওইদিন আদালতের বিচারক তারেক আজিজ জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১৪ দিন পর ফের আবেদন করেন তিনি। এতে বাদির আপত্তি না থাকায় আদালত তাকে জামিন দেন।

জানা যায়, হামছাদী কাজিরদিঘীর পাড় দশম শ্রেণির (দাখিল) ছয় ছাত্রকে শ্রেণিকক্ষের সামনের বারান্দায় দাঁড় করিয়ে একটি কাঁচি দিয়ে এলোমেলোভাবে মাথার সামনের অংশের চুল কেটে দেন। এ নিয়ে গত ৮ অক্টোবর দৈনিক ইত্তেফাকে একটি সংবাদ প্রকাশ হলে ওই রাতেই শিক্ষক মঞ্জুরুলকে উপজেলার বামনী ইউনিয়নের কাজিরদিঘীর পাড় এলাকা থেকে আটক করে রায়পুর থানা পুলিশ।  

মধ্যরাতেই মাদরাসা ছাত্র শাহাদাত হোসেনের মা শাহেদা বেগম বাদি হয়ে শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পরে মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ৯ অক্টোবর বিকেলে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।


ইত্তেফাক/এমএএম