হাদিসের কাহিনি

ইমাম হুসাইন (রাযি.)-এর প্রতি মহানবী (স.)-এর স্নেহ

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৯:৫৪

 

আমিরুল মুমিনীন আলী (রাযি.) ও মা ফাতেমার দ্বিতীয় পুত্র ইমাম হুসাইন (রাযি.), হযরত মুহাম্মদ (স.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র। তিনি ছয় বছরেরও কিছু বেশি সময় নবীজীর সান্নিধ্য লাভ করেছিলেন। ইমাম হুসাইন (রাযি.)-এর প্রতি মহানবীর ভালোবাসা স্নেহ-মমতা কত গভীর ছিল, তা আমরা হাদিস শরিফ থেকে জানতে পারি।

ইয়ালা ইবনে মুররাহ (রাযি.) বর্ণনা করেন, একবার মহানবী (স.) আমাদেরকে এক ভোজসভায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন, আমরা ঐ দাওয়াতে অংশগ্রহণ করার জন্য তাঁর সঙ্গে রওয়ানা হলাম। চলার পথে আমরা একটি মাঠে এসে উপস্থিত হলাম। সেখানে শিশুরা খেলাধুলা করছিল আর তাদের মধ্যে ইমাম হুসাইনও ছিল। শিশুরা আমাদের দেখে খেলাধুলা বন্ধ করে দিল। নবী করীম (স.) তাদের দিকে এগিয়ে গিয়ে দু’হাত বাড়িয়ে হুসাইন (রাযি.)-কে বুকে নিতে চাইলেন। কিন্তু হুসাইন এদিক-ওদিক ছুটোছুটি করতে লাগল—তাই দেখে নবীজী হাসলেন। তিনি কৌতুকের ছলে হুসাইনকে ধরে ফেললেন। এরপর নবীজী নিজের এক হাত হুসাইনের চোয়ালের নিচে রাখলেন এবং অপর হাত তাঁর মাথার ওপর রাখলেন। হুসাইনের মুখে চুমু খেয়ে নবীজী বললেন, ‘হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসে, আল্লাহতাআলা তাকে ভালোবাসেন। হুসাইন আমার বংশের একজন।’ (সুনানে ইবনে মাজাহ, ১ম খণ্ড, হাদিস নং ১৪৪)

বারাআ ইবনে আযিব (রাযি.) বলেন, আমি রাসূলুল্লাহ (স.)-কে দেখেছি তিনি ইমাম হুসাইন (রাযি.)-কে বহন করছেন এবং বলছেন, ‘হে আল্লাহ! নিশ্চয়ই আমি তাকে ভালোবাসি, তাই আপনিও তাকে ভালোবাসুন।’ (বুখারী হাদিস নং ২১৫০)

মুফতী মীযানুর রহমান রায়হান