তারিফ সৈয়দ
ক্যারিয়ারের সবচেয়ে কাঙ্ক্ষিত ছবির অপেক্ষায় মিস ওয়ার্ল্ড খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী। বহুল প্রতীক্ষিত পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’-এর মুক্তির ঘোষণা এসেছে। ছবিটিতে আরেফিন শুভ বিপরীতে রয়েছেন ঐশী। আগামী ৩ ডিসেম্বরে একযোগে দেশ ও দেশের বাইরে সিনেমাটির প্রথম পর্ব মুক্তি পেতে যাচ্ছে। করোনাসহ নানা কারণেই ছবিটির মুক্তি নিয়ে অনেক সংশয় ছিল। অবশেষে ব্যাপক পরিকল্পনা ও প্রচার-প্রচারণা নিয়েই ছবিটি মুক্তি পাচ্ছে।
ঐশী বলেন, ‘আমি কখনোই কোনো বিষয়ে তাড়াহুড়ো করিনি। যা করেছি নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করেছি। আর সবুরের ফল সবসময়ই মিষ্টি হয়। আশা করছি আমাদের এই পরিশ্রমকে দর্শকরা দারুণভাবে স্বাগত জানাবেন।’
উল্লেখ্য, গত রবিবার ‘মিশন এক্সট্রিম’-এর প্রথম পর্বের ট্রেলার মুক্তি উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ের এনটিভি স্টুডিওতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সিনেমাটির পরিচালকদ্বয়সহ শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
মিশন এক্সট্রিমের অন্যতম পরিচালক, প্রযোজক ও লেখক সানী সানোয়ার বলেন, ‘সিনেমার গল্পে আমার পেশাগত বাস্তব জীবনে দেখা কিছু জটিল পরিস্থিতি তুলে ধরেছি, আর ট্রেলারে তার কিছুটা ইঙ্গিত দিয়েছি মাত্র! সিনেমায় থ্রিল, অ্যাকশন আর সাসপেন্সের পরিমাণ একটু বেশি থাকবে এবারের কিস্তিতে।’
মিশন এক্সট্রিমের ২ মিনিট ৪৪ সেকেন্ডের ট্রেলারটি প্রকাশ করে টাকা ও গোপন কোডের রহস্য ভেদ করতে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছে দর্শকদের দিকে! অনেকে অবশ্য ট্রেলার দেখে গল্প নিয়ে নানা অনুমানও পোস্ট করে ফেলছেন সামাজিক মাধ্যমে। চলছে নানা বিশ্লেষণ। করোনার আবহ কাটিয়ে মিশন এক্সট্রিমের ট্রেলার দিয়ে আবারো চাঙা হলো ঝিমিয়ে যাওয়া ঢালিউডপাড়া!
পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ‘মাসলম্যান’খ্যাত অভিনেতা আরেফিন শুভ। এছাড়াও ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত।
কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।
এদিকে একই দিনে ৩ মহাদেশে ছবিটি মুক্তি দেওয়া হবে। এ প্রসঙ্গে মিশন এক্সট্রিম ছবির আন্তর্জাতিক বিপণনকারী প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, ‘এটি নিঃসন্দেহে বাংলা ছবির জন্য একটি মাইলফলক। আমরা বিশ্ববাজারে বাংলা ছবির বিপণনের ক্ষেত্রে নিরন্তর কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে মিশন এক্সট্রিমের মতো বড় বাজটের আন্তর্জাতিকমানের ছবি আমাদের এই উদ্যোগকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করি।’
উল্লেখ্য, এর আগে পর পর দুই বছর দুই ঈদে ‘মিশন এক্সট্রিম’ মুক্তির ঘোষণা দেওয়া হলেও করোনার কারণে তা আর সম্ভব হয়নি।
