বিবিসি ও রয়টার্স
কলম্বিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক পাচারকারী ও অপরাধী চক্রের প্রধান দাইরো আন্তোনিও উসুগাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে। দেশটির সেনা, নৌ ও পুলিশ বাহিনী যৌথ অভিযান চালিয়ে স্থানীয় সময় শনিবার দাইরো আন্তোনিও উসুগা ওরফে ওতোনিয়েলকে গ্রেফতার করে। কলম্বিয়ার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আটকের পর দাইরোকে দেশটির রাজধানী বোগোতার একটি সামরিক ঘাঁটিতে রাখা হয়।
কলম্বিয়া সরকার স্থানীয় সময় সোমবার উচ্চ আদালতে একটি পিটিশন দায়ের করে, যেখানে তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার বিষয়টি জানানো হয়। দেশটির বিচারমন্ত্রী উইলসন রুইজ জানান, পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে চার সপ্তাহ লাগবে। কলম্বিয়া সরকার ওতোনিয়েলকে ধরিয়ে দিতে ৮ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল এবং যুক্তরাষ্ট্র তার মাথার দাম ৫ মিলিয়ন ডলার ঘোষণা করেছিল।
