সোনাতলায় ঝুঁকিপূর্ণ ব্রিজে ভারী যানবাহন চলাচল বন্ধ

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২১:৪০

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুুরপাড়া-সৈয়দ আহম্মদ কলেজ সড়ক একটি গুরুত্বপূর্ণ ব্যস্ততম সড়ক। এই সড়কে লোহাগারা নামক স্থানে খালের ওপর নির্মিত ব্রিজটি দীর্ঘ দিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। বন্ধ রয়েছে ভারী যানবাহন চলাচল। তবে ব্রিজটির ওপর দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে লোহাগারা, ভেলুরপাড়া, মধ্যদিঘলকান্দিসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ। ভেলুরপাড়া রেল স্টেশন, ডক্টর এনামুল হক ডিগ্রি কলেজ,্ এনায়েত আলী উচ্চ বিদ্যালয়, সোনাতলা উপজেলা সদর ও সৈয়দ আহম্মদ কলেজ হাটসহ বিভিন্ন স্থানে যাতায়াতের ক্ষেত্রে এই সড়ক অতি গুরুত্বপূূর্ণ।

ব্রিজটি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামলে নির্মিত হয় বলে স্থানীয়রা জানান। এর দৈর্ঘ্য ২২ মিটার ও প্রস্থ ৩ দশমিক ৭০ মিটার। একদিকে ব্রিজটি অতি পুরোনো, অন্যদিকে দীর্ঘদিন থেকে ব্রিজের পাশে খালের মধ্য থেকে অসাধু একশ্রেণির বালু ব্যবসায়ী বালুু উত্তোলন করে আসছেন। ফলে ব্রিজের উত্তর অংশে বক্স কালভার্টের আরসিসি ঢালাই দেবে গেছে। কিছুদিন আগে উত্তর পাশে মাটি ধসে যায় অতি বৃষ্টি ও বন্যার পানির সে াতে। এতে ব্রিজটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ সময় ব্রিজ-সংলগ্ন পাকা রাস্তারও ক্ষয়ক্ষতি হয়।

উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান বলেছেন, লোহাগারার ক্ষতিগ্রস্ত ব্রিজের স্থানে নতুন ব্রিজ করার প্রস্তাবনা পাঠানো হয়েছে নির্বাহী প্রকৌশলীর কাছে। আগামী দু-এক মাসের মধ্যেই ব্রিজ নির্মাণকাজ শুরু হবে।