গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চিলাখাল চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয়টি কক্ষের মধ্যে তিনটি তিস্তায় বিলীন হয়ে গেছে। সম্প্রতিক সময়ে এক দিনের বন্যায় বিদ্যালয়টির ব্যাপক ক্ষতি হয়েছে। তিস্তার ভাঙনে বিদ্যালয়ের তিনটি কক্ষ ভেঙে যাওয়ায় আসবাবপত্রগুলো ভেসে যায়। অন্য তিনটি কক্ষে ফাটল ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় সাময়িক পাঠদান বন্ধ রেখেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক জানান, ভবনটি তিস্তায় বিলীন হয়ে যাওয়ায় পাঠদান কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং সভাপতি জয়নাল মিয়া বলেন, ভেঙে যাওয়া বিদ্যালয়টি অপসারণের জন্য কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাগমা সিলভিয়া বলেন, প্রধান শিক্ষক ও সভাপতির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রকৌশল বিভাগ ও শিক্ষা বিভাগের যৌথ টিম বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
