সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরে অতিথি এবং দেশি প্রজাতির প্রায় ২০০ পাখিসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার চরদুলাই বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পাখিশিকারিরা হলো :উপজেলার ঘোড়াদহ গ্রামের আল আমীন হোসেন, চলদুলাই গ্রামের মোজাহার আলী ও আতাউর রহমান। সুজানগর থানার ডিউটি অফিসার এখলাছ উদ্দিন জানান, রবিবার রাতে ঐ তিন পাখিশিকারি উপজেলার গাজনার বিল থেকে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে অতিথি রামচিল এবং রামচাসহ দেশি প্রজাতির প্রায় ২০০ পাখি শিকার করে। সোমবার সকাল ৭টার দিকে তারা ঐ পাখি চরদুলাই বাজারে বিক্রি করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান এ খবর জানতে পেরে থানার চত্বর থেকে জনসম্মুখে পাখিগুলো অবমুক্ত করেন। পরে পাখিশিকারিদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে সুজানগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুল ইসলাম প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করেন।
