ভাঙ্গুড়া ও চান্দিনায় সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২১:৪২

ইত্তেফাক ডেস্ক

পৃথক সড়ক দুর্ঘটনায় সোমবার মাদ্রাসাছাত্রসহ দুই জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

ভাঙ্গুড়া (পাবনা) :ভাঙ্গুড়া উপজেলায় দুপুরে দুই অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম সাজেদা খাতুন। ভাঙ্গুড়া-অষ্টমনিষা সড়কে ঝবঝবিয়া ইটভাটা মোড়ে ঘটনাটি ঘটে। এ সময় আরো তিন ব্যক্তি আহত হন। ঐ বৃদ্ধা অষ্টমনিষা গ্রামে নাতিনজামাই বাড়ি যাচ্ছিলেন। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মু. ফয়সাল বিন আহসান বলেন, অভিযোগ না থাকায় বৃদ্ধার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) : কুমিল্লার চান্দিনায় ট্রাকচাপায় মো. সালমান (০৮) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। দুপুর ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন মাধাইয়া বাস স্টেশন এলাকায় ঐ দুর্ঘটনা ঘটে।  মহাসড়কের ওপরে দাঁড়িয়ে থাকা মারুতিকে ধাক্কা দেয় বালুবাহী একটি ট্রাক। এ সময় সালমান রাস্তা পারাপারের সময় মারুতির ধাক্কায় মহাসড়কে ছিটকে পড়লে বালুবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যায়। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শাকিল আহমেদ বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা চলছে।