সমিতির নামে ৫ কোটি টাকা নিয়ে উধাও বাড়ির মালিক

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২১:৫১

কেরানীগঞ্জে  সদস্যদের বিক্ষোভ

কেরানীগঞ্জ (ঢাকা) সাংবাদদাতা

দক্ষিণ কেরানীগঞ্জে সমবায় সমিতির নামে কয়েক হাজার গ্রাহকের প্রায় ৫ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে বাড়ির মালিক এবং ঐ প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুল মমিন। সঞ্চয় জমা বইয়ে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত (নিবন্ধন নম্বর ৩৪৭)’ লেখা থাকায় অনেকেই মনে করেন এটি সরকারি প্রতিষ্ঠান। তার পরিপ্রেক্ষিতে শত শত নারী ও পুরুষ এতে সদস্য হয়ে টাকা জমা দেয়। 

কেরানীগঞ্জে কদমতলী এলাকায় নিজ বাড়ির নিচতলা অফিস দেখিয়ে এলাকাবাসীকে আকৃষ্ট করতেন মালিক আব্দুল মমিন। সঞ্চয়কারীরা পেশায় রিকশাচালক, নৌকার মাঝি, মুদি দোকানি, সিএনজি অটোরিকশাচালক ও ভিক্ষুক পর্যন্ত রয়েছেন। গতকাল সোমবার  দুপুর  থেকে  বিকাল  পর্যান্ত  দক্ষিণ কেরানীগঞ্জ  থানার  কদমতলী  খালপাড়  রোডে  নীলিমা বহুমুখী প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এসে তালাবদ্ধ দেখে কয়েক শতাধিক সদস্য রাস্তা বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

ভুক্তভোগী রাহেলা বেগম জানান, ‘ভিক্ষা করে প্রতিদিন ২০ টাকা করে তিনটি জমা বইয়ে সঞ্চয়ী হিসাবের মাধ্যমে আমার ৬০ হাজার টাকা জমা আছে। তিন মাস আগে থেকে আমি সঞ্চয়ের টাকা ফেরত চাইলে আজকাল করে আমাকে ঘুরাতে থাকে। শেষ পর্যন্ত ২৫  অক্টোবর তারিখের একটি রশিদ ধরিয়ে দিয়ে বলেন, এই তারিখে এসে টাকা নিয়ে যাবেন। আজ অফিসে এসে দেখি অফিস তালাবদ্ধ।’  ভুয়া প্রতিষ্ঠানের জালিয়াতিতে রাহেলা বেগমের মতো শম্পা, কনা, রুমা বেগম, জামিল, আব্দুর রহমান, রাহেলা ও মরজিনাসহ  কয়েক হাজার সদস্য এখন সর্বস্বান্ত।  এ  বিষয়ে  দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ থানায় দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে এ বিষয়ে আইনি ব্যবস্থা  গ্রহণ  করা  হবে।’