ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বলেছেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য তার দেশ নবায়নযোগ্য জ্বালানি সাপ্লাই চেইন কর্মসূচি পরিচালনা করবে। বাংলাদেশকেও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে সহযোগিতা করবে, যা বাংলাদেশের প্রবৃদ্ধি বৃদ্ধিতে সহায়তা হবে। প্রযুক্তি বিনিয়োগ রোডম্যাপের আওতায় অস্ট্রেলিয়া ‘নিম্ন নিঃসরণ প্রযুক্তি স্টেটমেন্ট’ প্রকাশ করেছে এবং এই খাতে তারা বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী। ‘বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক :ভবিষ্যতের পূর্বাভাস’ শীর্ষক ভার্চুয়াল সংলাপে অস্ট্রেলিয়ার হাইকমিশনার এ কথা বলেন। গত শনিবার কসমস ফাউন্ডেশন আয়োজিত অ্যাম্বাসেডর লেকচার সিরিজের অংশ হিসেবে এই সংলাপের আয়োজন করে।
হাইকমিশনার বলেন, বিশ্ব অর্থনীতির নবায়নযোগ্য জ্বালানিতে অস্ট্রেলিয়া নির্ভরযোগ্য ও দায়িত্ববান অংশীদার। সংলাপে উদ্বোধনী বক্তব্য দেন কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান। সভাপতিত্ব করেন কূটনীতিক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী। আলোচক প্যানেলে ছিলেন সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী, সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহেদুল আনাম খান এবং কসমস ফাউন্ডেশনের উপদেষ্টা ইমেরিটাস ড. তারিক এ করিম।
