সরকারের মদতে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা :গয়েশ্বর

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২১:৫২

ইত্তেফাক রিপোর্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের প্রত্যক্ষ মদতে দেশের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হলেও বিএনপি নেতাদের পাশাপাশি শান্তিপ্রিয় মানুষকে টার্গেট করে মামলা দেওয়া হচ্ছে। এটি আওয়ামী লীগের ক্ষমতা দীর্ঘায়িত করার ষড়যন্ত্র। গতকাল সোমবার সকালে নয়াপল্টনে দলের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বিএনপির প্রতিনিধি দল কুমিল্লা, চাঁদপুরসহ কয়েকটি ঘটনাস্থল পরিদর্শন শেষে এই সংবাদ সম্মেলন করা হয়।

গয়েশ্বর বলেন, স্পর্শকাতর সাম্প্রদায়িক দাঙ্গার মধ্য দিয়ে জনদৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং ক্ষমতা দীর্ঘ করার হীন চেষ্টায় লিপ্ত সরকার। অসাম্প্রদায়িক চিন্তা লালন করে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জনান তিনি। গয়েশ্বর বলেন, হামলাকারীদের আইনের আওতায় এনে বিচার করার কোনো উদ্যোগ নেই সরকারের। বাংলাদেশের ঘটনায় পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বিজেপির ভোট বাড়বে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধীদলীয় নেতা  (বিজেপি নেতা) শুভেন্দু অধিকারীর এমন বক্তব্য সাম্প্রদায়িক ও মৌলবাদের পরিচয় বলেও উল্লেখ করেন গয়েশ্বর।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।