বিশ্ববিদ্যালয় রিপোর্টার
করোনার টিকা উত্পাদন ও উন্নয়নে এএফসি এগ্রোবায়োটেক লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এএফসি এগ্রোবায়োটেকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র (কারস) এবং এএফসি এগ্রোবায়োটেক লিমিটেড যৌথভাবে কোভিড-১৯ টিকা (DUBD-vac)-এর উন্নয়ন ও উত্পাদনসহ অন্যান্য টিকা উদ্ভাবনে কাজ করবে। এ ছাড়া, জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিষয়ক গবেষণাসহ বিভিন্ন ওষুধ তৈরি এবং জীব বিজ্ঞানের উত্কর্ষ সাধনে যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালিত হবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দুটি বায়োটেক কোম্পানি জেএনডি বায়োটেক এবং ইমার্জেন্ট বায়োটেক সহযোগিতা দেবে। অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং এএফসি এগ্রোবায়োটেক লিমিটেডের নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ড. মো. সারওয়ার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রবাসী বিজ্ঞানীদের ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রে জেএনডি বায়োটেক এবং ইমার্জেন্ট বায়োটেক কোম্পানি দুটি পরিচালিত হচ্ছে।
