নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময়ে পাঁচ জন ছররা গুলিতে বিদ্ধ হওয়াসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। গতকাল বিকালে রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেখানে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। এরই মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে বর্তমান চেয়ারম্যান আশ্রাফুল হক ও বাঁশগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান মিয়ার ছেলে জাকির গ্রুপের মধ্যে বিরোধ শুরু হয়। এরই মধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান বর্তমান চেয়ারম্যান আশ্রাফুল হক।
এ নিয়ে এক পক্ষের মধ্যে আনন্দ বিরাজ করলেও অপর পক্ষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরই জের ধরে গতকাল বিকালে বাঁশগাড়ীর নতুন বাজার এলাকায় দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পাঁচ জনের গায়ে ছররা গুলি লাগে। সংঘর্ষে এই পাঁচ জনসহ উভয় পক্ষের প্রায় ২০ জন লোক আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। রায়পুরা থানার ওসি আতাউর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
