কক্সবাজারের মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আরো আট জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে নিহত সিনহার সুরতহাল প্রতিবেদন তৈরি করা এসআই আমিনুল ইসলামের জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে ষষ্ঠ দফার বিচারিক কাজ শুরু হয়। এরপর একে একে আরো সাত জনের জবানবন্দি গ্রহণ করে আদালত। পরে তাদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।
এর আগে সকাল পৌনে ১০টার দিকে ওসি প্রদীপ কুমারসহ ১৫ আসামিকে আদালতে আনা হয়। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলে আদালতের কার্যক্রম। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বলেন, এ মামলায় পঞ্চম দফায় ৩৫ সাক্ষী তাদের জবানবন্দি দিয়েছিলেন। ষষ্ঠ দফার প্রথম দিনে আমরা ১৮ জন সাক্ষীকে উপস্থাপন করলেও সেখান থেকে আট জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন করা সম্ভব হয়েছে। সাক্ষ্যগ্রহণ চলবে আগামী বুধবার পর্যন্ত।
