বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় হাজীগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘুরে দাঁড়াবে --------------শিক্ষামন্ত্রী

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২৩:০৩

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকারের পাশাপাশি বিদ্যানন্দ ফাউন্ডেশন যে বড় ধরনের সহায়তা নিয়ে এগিয়ে এসেছে, তা হাজীগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘুরে দাঁড়াতে সহায়ক হবে। তিনি গতকাল চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে হাজীগঞ্জে পূজামণ্ডপে হামলা, আগুন ও লুটপাটে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১১ লাখ টাকা নগদ অর্থের চেক হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন।

এ সময় মন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সঙ্গে তিনি বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। সঞ্চালনায় ছিলেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন।