আগের রাতে ভারতকে যেভাবে হারিয়েছে পাকিস্তান তা নিয়ে গতকালও আলোচনা ছিল খেলাপ্রিয় মানুষের মুখে। অবিশ্বাস্য দারুণ খুশি পাকিস্তানের প্রধানমন্ত্রী সাবেক ক্রিকেট তারকা ইমরান খান। ১৯৯২ সালে বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিল ইমরানের খানের পাকিস্তান। কিন্তু সেই আসরে ভারতের কাছে হারতে হয়েছিল পাকিস্তানকে। এর পরও অনেক জল গড়িয়েছে ক্রিকেটের দুনিয়ায়। বিশ্বকাপ কিংবা টি-২০ ক্রিকেটের মঞ্চে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। প্রতিবারই পাকিস্তানকে হারের মুখ দেখতে হয়েছিল। তবে শেষ পর্যন্ত ১৩তম সাক্ষাতে ভারতকে হারানোর স্বাদ পেল ইমরান খানের দেশ। তাই তো বাবর আজমের দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন সেই দেশের প্রধানমন্ত্রী ইমরান খান।
দেশ পরিচালনা করলেও তার মধ্যে এখনো ক্রিকেট সত্তা বেঁচে রয়েছে। তাই সব কাজ ছেড়ে রবিবারের সন্ধ্যায় মহারণ দেখতে টিভির সামনে বসে গিয়েছিলেন ’৯২ বিশ্বকাপ জয়ী অধিনায়ক। চোখে দেখেছেন বিশ্বকাপের মঞ্চে তারা যা পারেননি সেটা করেছেন উত্তরসূরি বাবর আজম। ভারতকে ১০ উইকেটে হারিয়েছে। ম্যাচ জয়ের পর টুইটারে ইমরান খান লিখেছেন, ‘পাকিস্তানের গোটা দলকে অভিনন্দন। বাবর আজম সামনে থেকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছ।’
দারুণ অধিনায়কত্বের পর ৫২ বলে ৬৮ রানে অপরাজিত থেকে দলকে ১০ উইকেটে জয় এনে দেন বাবর আজম। রান তাড়া করতে গিয়ে একবারও বাবর ও মোহাম্মদ রিজওয়ানকে রুখতে পারেনি ভারতের তারকাখচিত বোলিং। তাই এই অভিনন্দন-বার্তায় রিজওয়ানের পাশাপাশি শাহিন শাহ আফ্রিদির কথাও উঠে এসেছে। রাহুলকে বোল্ড করে দেওয়া থেকে রোহিত শর্মাকে ইনসুইং বলে লেগ বিফোর করা। একার হাতে ভারতের ব্যাটিংকে ভেঙে দিয়েছেন আফ্রিদি। ম্যাচের-সেরাও হয়েছেন তিনি। রিজওয়ান ও শাহিনের পারফরম্যান্সের কথাও উল্লেখও করেছেন ইমরান। লিখেছেন, ‘দেশ তোমাদের সবার জন্য গর্বিত।’
