ভারতকে ১০ উইকেটে গুঁড়িয়ে দিয়ে মাঠে অনেকেই উত্সব করেছিল। এমন উত্সবে গা লাগায়নি পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ড্রেসিং রুমে ফিরে সবাইকে নিয়ে বসেছেন। সবাই ফ্লোরে বসা ছিলেন। তাদের মাঝখানে দাঁড়িয়ে বাবর আজম। সবার দৃষ্টি আকর্ষণ করে যখন কথা বলছিলেন তখন বাইরে সমর্থকদের উল্লাসধ্বনি। আর ড্রেসিং রুমে পিনপতন নীরবতা। বাবর আজম তার খেলোয়াড়দের জানিয়ে দিলেন ‘আমরা ভারতকে হারিয়েছি। আনন্দ করব। তবে অতিআনন্দ করব না। এমন কিছু করব না যা দেখে অতিরিক্ত মনে হয়।’
১৩ বল বাকি থাকতে কোনো উইকেট না হারিয়ে ভারতকে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান। ১০ উইকেটে জয়ের ঐতিহাসিক ম্যাচে শাহিন আফ্রিদি ৩১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছে। রাহুল, রোহিত কোহলিকে আউট করেছেন শাহিন আফ্রিদি। ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান করে ভারত। লড়াই করতে নেমে পাকিস্তানের উইকেটকিপার রিজওয়ান ৭৯ এবং অধিনায়নক বাবর আজম ৬৮ রান করে ম্যাচ জিতে নেন ১০ উইকেটে।
বাবর আজম ড্রেসিং রুমে তার খেলোয়াড়দের বললেন, ‘এই জয়ের মালিক সবাই। এটা কোনো ব্যক্তিগত পারফরম্যান্সের ফসল নয়। এটা দলীয় সাফল্য।’ তিনি বলেন, ‘আমরা আনন্দ করব। কিন্তু এমন কোনো আনন্দ করব না যা দলের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে। এই স্পিরিট ধরে রাখতে হবে। সামনে আমাদের আরো খেলা আছে। সেটা নিয়ে ফোকস করতে হবে।’ টুইটারে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, এসব কথা বলার সময় বাবর আজম যেন খুব স্বাভাবিক। তার চোখেমুখেও আনন্দের ঝিলিক নেই। দুই হাত এক সঙ্গে রেখে বাবর আজম বলছিলেন, ‘ভারতকে হারানোর আনন্দ উপভোগ করব। কিন্তু অতিমাত্রায় কিছু যেন না হয়। আমাদের মনে রাখতে হবে আমরা কী লক্ষ্য নিয়ে টি-২০ বিশ্বকাপ খেলতে এসেছি। এখানে গা ছেড়ে দিলে হবে না। বিশ্বকাপের পথ অনেক লম্বা। আমি আবারও অনুরোধ করছি অতিআনন্দের কিছু হয়নি। আরো লড়াইয়ের বাকি আছে।’
